১২ থেকে ১৫ বছর বয়সী যেসব বাংলাদেশি হজযাত্রীর ভিসা আগে বাতিল করা হয়েছিল, তাদের জন্য পুনরায় ভিসা জমা দেওয়ার সুযোগ দিয়েছে সৌদি আরব। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জানানো হয়, চলতি বছরের ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছে। তবে নির্দিষ্ট বয়সসীমার (১২–১৫ বছর) কিছু হজযাত্রীর ভিসা আগেই বাতিল করা হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ওই বাতিল ভিসাগুলো পুনরায় জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য শিগগিরই Nusuk Masar System পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্টদের দ্রুত বাতিল হওয়া হজযাত্রীদের ভিসা পুনরায় সিস্টেমে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্স-এর ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাস-এর ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
অবশিষ্ট হজযাত্রীরা ধাপে ধাপে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। এর আগে ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ৪১৮ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা শুরু করে।