বিএনপির রাজনীতি করার কারণে নিজে মেয়র থাকাবস্থায় বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (২ মে) দুপুরে সিলেট নগর ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধী সমাবেশে এমন অভিযোগ করলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।
আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আজ নগরের জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করলেন আমি মেয়র থাকাকালে এই প্রজক্টগুলো দাখিল করি। কিন্তু আমি তখন বিরোধীদলীয় মেয়র হওয়ায় এটি অনুমোদন হয়নি। আওয়ামী লীগের আমলে আমি ১০ বছর মেয়র ছিলাম, কোনো প্রজেক্টই বাস্তবায়নই হয়নি। সিলেটের ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট চূড়ান্ত পর্যায়ে আটকে দেওয়া হলো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের প্রকল্পও বাস্তবায়ন করা যায়নি।
তিনি আরও বলেন, লাক্কাতুরা থেকে ছড়া খেটে সুরমা নদী পর্যন্ত পৌঁছে দিলে নগরের অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। এই সরকারের আমলেই তা করা সম্ভব।
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে সাত হাজার কোটি টাকার মেগা প্রকল্প শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, এই প্রকল্প সরকারি অর্থায়নে না করে বিদেশি ফান্ডের অপেক্ষায় থাকলে আরও ১০ বছর অপেক্ষা করতে হবে। তাই সরকারি অর্থায়নেই এটি করা দরকার।
নগরের সমস্যা নিয়ে তিনি বলেন, নগর বড় হয়েছে। কিন্তু নগরের সম্প্রসারিত এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা খুব নাজুক। এগুলো সংস্কার করা জরুরি।
এর আগে, সকাল ১১টায় সুরমা নদীর তীরে জলাবদ্ধতা নিরসন ও বন্যা নিয়ন্ত্রণে সাড়ে সাত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এদিন সিলেটে পৌঁছে তিনি হজরত শাহজালাল মাজার জিয়ারত করেন।