পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি পাঁচতলা ভবনের তিন তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি নিজেও কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে উর্মি তার স্বামী বাপ্পী এবং দুই সন্তান—দেড় বছরের ফারদিন ও চার বছরের ফারিস্তাকে নিয়ে ওই ভবনের তিন তলায় ভাড়া বাসায় ওঠেন। সেখানে তারা আমিরুল ইসলামের মালিকানাধীন ভবনে বসবাস করছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়ার ঘটনা ঘটত। শুক্রবার (০১ মে) রাত দেড়টার দিকে বাপ্পী থানায় ফোন করে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় আনা হয়েছে। শিশুদের থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ ঘটনায় মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।