Image description

রাজধানীর শাহবাগে ছিনতাইকারীদের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে শিশু পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জামাল উদ্দিন (৫৯) ও তার স্ত্রী মোছা. সামছুন্নাহার (৫৫)। তারা অটোরিকশায় করে যাওয়ার সময় ৩–৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীর ডান হাতে আঘাত করে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতদের ছেলে সামিউল আরাফাত জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে তার বাবা-মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বাসায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।