Image description

নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘The End’ লিখে পোস্ট দেয়ার পর মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবকের বিষপান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ওই এলাকার আবদুল হকের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘The End’ লিখে একটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, কলেজের শিক্ষার্থী সাকিব রাশিয়া যাওয়ার কথা বলে পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় পরিবার সদস্যদের উপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে যুবক আত্মহত্যা করে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


শীর্ষনিউজ