নাটোরের সিংড়ায় ধানকাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন ধানকাটা শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন।
অসুস্থ শ্রমিকরা হলেন, মো. আনোয়ার (৩০), মো. আজাদ (৪০), মো. রমিজুল (৩৮), মো. ইয়াসিন (২৫), মো. ইউসুফ (২৬), মো. হাসেম (৪০), মো. মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। এদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে।
শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে জমির মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে জমির মালিক আব্বাস আলীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, সবাই এখন শঙ্কামুক্ত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, খাবারে কিভাবে বিষাক্ত পদার্থ মিশল তা খতিয়ে দেখা হবে।