Image description

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি। ছবিটিতে দেখা যায়, মুজিব কোট পরিহিত এক বৃদ্ধ নৌকার আদলে সাজানো একটি যানবাহন চালাচ্ছেন। এই দৃশ্যকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে-তিনি রংপুরের মুক্তিযোদ্ধা সৈয়দ খান, যিনি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে নিজের গাড়িতে তোলার ইচ্ছা পোষণ করছেন।

তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। ছবিতে থাকা ব্যক্তি আসলে রংপুরের নন এবং তার নামও সৈয়দ খান নয়। তিনি নেত্রকোনার সিদ্দিক মিয়া। শুধু তাই নয়, ছবিটিও সাম্প্রতিক সময়ের নয়-এটি তোলা হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর।

সেই দিন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে ঘিরে সিদ্দিক মিয়া একটি ব্যতিক্রমী উদ্যোগ নেন। তিনি নিজের ভ্যানটিকে নৌকার আদলে সাজিয়ে নেত্রকোনা থেকে ঢাকায় আসেন সম্মেলনে যোগ দিতে। তার এই উদ্যোগ সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বাংলা ট্রিবিউন তাদের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে এবং একই তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করে বিডিনিউজ২৪ ডটকম।

পরবর্তীতে সেই পুরোনো ছবিকেই নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করে ভিন্ন একটি গল্প জুড়ে দেওয়া হয়েছে। ফলে ছবিটি ব্যবহার করে যে দাবি ছড়ানো হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিভ্রান্তিকর।