Image description

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে পরিবারের পক্ষ থেকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তানজিনা আক্তার (১৭) ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতের কোনো একসময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরে বিষয়টি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক আবদুল করিম জানান, তিনি গিয়ে নিথর অবস্থায় পেয়েছেন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয় বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।