Image description

চট্টগ্রামে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরের প্রবর্তক মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আনিসুজ্জামান দুলাল নামে এক পথচারী জানান, প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটা যাচ্ছে না। এই সুযোগে রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। ৩০ টাকার ভাড়া এখন ৫০ থেকে ৬০ টাকা গুনতে হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। চলমান উন্নয়ন কাজের কারণে পানি চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শীর্ষনিউজ