কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির দেয়া পার্সেল খুলতে গিয়ে রহস্যজনক বিস্ফোরণে ভ্যানচালক ও মুদি দোকানদারসহ দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- লাহিনী কর্মকার পাড়ার বাহের শেখের ছেলে ভ্যানচালক নাসির শেখ (৫০) ও মুদি দোকানদার উজ্জ্বল হোসেন (৪৮)। বর্তমানে নাসির শেখ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং উজ্জ্বল হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে দুজন অপরিচিত ব্যক্তি ভ্যানচালক নাসিরকে ৩০ টাকা ভাড়া দিয়ে একটি ব্যাগভর্তি পার্সেল লাহিনী জোয়ার্দার পাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। নাসির পার্সেলটি নিয়ে হামিদুলের বাড়িতে গেলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। নিরুপায় হয়ে নাসির পার্সেলটি পুনরায় লাহিনী বটতলায় ফিরিয়ে নিয়ে আসেন। সেখানে একটি ফলের দোকানের সামনে স্থানীয়দের উপস্থিতিতে পার্সেলটি খুললে ভেতরে একটি কাঠের বাক্স দেখা যায়। সেই বাক্সটি খোলার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। স্প্লিন্টার জাতীয় বস্তুর আঘাতে তার শরীরের নিম্নাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে ব্যাটারিসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। পার্সেলের ভেতরে কী ছিল এবং কারা এটি পাঠিয়েছিল, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।