Image description

জেনারেটর চালিয়ে ট্যাঙ্কে পানি উঠিয়ে না দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়ি টেক এলাকায় এই ঘটনা ঘটে। দেশীয় নানা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে হামলা চালানোর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, কালবৈশাখীর ছোবলে গ্রামের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিনেও বিদ্যুৎ বিভাগ সংযোগ দিতে পারেনি। এই অবস্থায় পানির সংকট দেখা দেয় পুরো এলাকায়। ডিজেলচালিত একটি জেনারেটর সংগ্রহ করে রাকিব হাসান কিছু পানি ট্যাঙ্কে ওঠান। এরই মধ্যে ডিজেল শেষ হয়ে যায়। পাশের বাড়ির কিশোর গ্যাং লিডার রনি তার বাড়ির ট্যাঙ্কে জেনারেটর দিয়ে পানি উঠিয়ে দিতে বলে। কিন্তু ডিজেল শেষ হওয়ার কারণে রাকিব আর পানি উঠিয়ে দিতে পারেননি। এতেই ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে রাকিবের বাড়িতে হামলা চালায় রনি ও তার গ্যাংয়ের সদস্যরা। 
স্থানীয়রা জানান, গত দুদিন এলাকায় বিদ্যুৎ ছিল না। দাইবাড়ি এলাকার হেলাল উদ্দিনের ছেলে রাকিব হাসান অল্প একটু ডিজেল সংগ্রহ করে প্রতিবেশীর একটি জেনারেট ভাড়া নিয়ে বাড়ির ট্যাঙ্কে পানি ওঠান। পাশের বাড়ির নিজাম উদ্দিনের ছেলে রনিও তাদের ট্যাঙ্কে পানি উঠিয়ে দিতে বলে। 

রাকিব হাসান বলেন, ‘ডিজেল শেষ হয়ে যাওয়ায় তার দাবি পূরণ করতে পারিনি। এ কারণে সে ক্ষুব্ধ হয়ে আরিফ হোসেন, রিপন মিয়া, ইমন, সুমন, নাজমুল, শ্রাবণসহ ২০-৩০ জন মিলে অস্ত্রের মহড়া দিতে থাকে। এক পর্যায়ে আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে।’ পাশের সাব্বির হোসেনের বাড়িতেও লুটপাট করে হামলাকারীরা। সাব্বির বলেন, রাকিবের বাড়িতে হামলা ও লুটপাট করার পর রনির নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাঁর বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর চালায়। এ সময় তাঁকে মারতে তেড়ে যায়। 
এ ঘটনায় রাকিব হাসান থানায় অভিযোগ দিয়েছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।