Image description

বিগত আওয়ামী সরকারের সময়ে নিয়োগ পাওয়া সারের সব ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদ লবিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

চিফ হুইপ বলেন, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংসদে সর্বসম্মতক্রমে এ প্রস্তাব পাশ হয়।

এমপিদের সংসদীয় রীতিনীতি মেনে চলার কঠোর বার্তা : সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ করে সংসদ কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। চেয়ারের প্রতি সম্মান প্রদর্শনের বৈশ্বিক রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময়ও করেন না। এটি বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম। আমি দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, এই সাধারণ নিয়মগুলো অনেকেই মানছেন না। অধিবেশন চলাকালে যাতায়াত ও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে স্পিকার বলেন, আজকে দেখলাম দু’জন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সঙ্গে হ্যান্ডশেক করছেন। এটি একেবারেই অনভিপ্রেত। যখন সংসদ চলে, এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে ক্রস করাটা সঠিক নয়। এছাড়া অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন। ফোনে আলাপ করার কোনো রেওয়াজ সংসদে নাই। আপনাদের ফোনটা দয়া করে মিউট করে রাখবেন।

২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না : এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১৯৪০ টাকা। কিন্তু ২২০০ টাকা নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না বলে সংসদে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, জীবন মানের এতই উন্নতি হয়েছে, গ্রাম বা মফস্বলের মানুষ ফ্ল্যাটে থাকে, পাকাবাড়িতে থাকে। মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। অন্যদিকে ১৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্তু ২২শ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা যদি বলি, ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়।

সিরাজগঞ্জ-বগুড়া সরাসরি রেলপথ জরুরি: রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আমরা উত্তরাঞ্চলের মানুষ নানা দিক দিয়ে বৈষম্যের শিকার হচ্ছি। নানা কারণে ভোগান্তির শিকার হচ্ছি। সিরাজগঞ্জ থেকে বগুড়ায় সরাসরি রেলপথ নির্মাণ হলে পথ আরও কমে আসতো। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে নিজের সিদ্ধান্তের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।