বরিশাল নগরীতে একটি বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রেমিককে না পেয়ে তাকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর মুন্সিগ্রেজ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঝালকাঠির কাটপট্টি এলাকার মিল্টন আকনের ছেলে হিমুর সঙ্গে কলাপাড়া উপজেলার সানজিদা কবির আনিতার প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজনই বরিশাল শহরে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার দিন সকালেই আনিতা হিমুর বাসায় দেখা করতে যান। পরে দুপুরের দিকে ওই বাসা থেকেই তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হিমুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও কয়েকজন স্বজন দাবি করেছেন, এর আগেও হিমুর বিরুদ্ধে একই ধরনের একটি ঘটনার অভিযোগ রয়েছে এবং সেই বিষয়ে একটি হত্যা মামলা আদালতে বিচারাধীন আছে। তবে বিষয়টি এখনো আইনগতভাবে তদন্তাধীন।
অন্যদিকে, হিমুর মা দাবি করেছেন, সকালে আনিতা তাদের বাসায় আসেন এবং পরে ছেলের ঘরে তার মরদেহ দেখতে পান। এরপর হিমু বাসা থেকে চলে যায়।
নিহত আনিতার পরিবার জানিয়েছে, তিনি সম্প্রতি নার্সিং কলেজে ভর্তি হয়েছিলেন এবং পড়াশোনার কারণে বরিশালে থাকতেন। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তিনি হিমুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে পরিবারের দাবি।
ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শীর্ষনিউজ