জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই যথাক্রমে ১০ ও ৮ টাকা বহাল থাকছে। বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। এই বর্ধিত ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না বলেও মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা। ভাড়া বাড়নোর সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর জানিয়ে তিনি আরও বলেন, ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসে বিষয়টি বিবেচিত হবে না। জ্বালানি তেলের দাম কমে গেলে বাস ভাড়া আবার কমবে। তবে রেল ও নৌপরিবহণের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানায় পরিবহণ মালিক সমিতি।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা। বৃহস্পতিবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ৫২ আসনবিশিষ্ট ডিজেলচালিত বড় বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২.৪২ থেকে ০.১১ টাকা বৃদ্ধি করে ২.৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে শতাংশের হিসাবে ৪.৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে চলাচলকারী ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ২.১২ থেকে বাড়িয়ে ২.২৩ টাকা করা হয়েছে, যেখানে বৃদ্ধির হার ৫.১৯ শতাংশ।
এছাড়া ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২.৩২ থেকে বাড়িয়ে ২.৪৩ টাকা করা হয়েছে, যা ৪.৭৪ শতাংশ বৃদ্ধির সমান। তবে দীর্ঘ দূরত্বের ভাড়ায় পরিবর্তন এলেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলের ক্ষেত্রে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকাই বহাল থাকছে। পরিবহণ মালিক ও শ্রমিকদের সরকার নির্ধারিত এই তালিকা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়ানো হয়। নতুন এই দাম রোববার থেকে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিকদের কাছে নতি স্বীকার করেনি সরকার : বাসভাড়া নতুন করে নির্ধারণের ক্ষেত্রে মালিকদের জনবিরোধী দাবির কাছে নতি স্বীকার না করে দেশের সাধারণ মানুষের স্বার্থ প্রাধান্য দিয়েছে সরকার। এজন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পৃথক বিবৃতিতে বৃহস্পতিবার এমন প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বার্তায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধ, বাড়তি বাস ভাড়া আদায় বন্ধে অনুরূপ দৃঢ়প্রতিজ্ঞা কামনা করেন।
এ বিষয়ে জানতে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির বর্তমান কমিটির একাধিক নেতাকে ফোন করা হলেও তারা রিসিভ না করায় তাদের মতামত পাওয়া যায়নি।
নতুন করে নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহণ, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, পরিবহণ মালিক সমিতিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।