মার্কিন সিনেটর টেড ক্রুজ বলেছেন, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার আসন্ন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অচল করে দিতে পারেন। সিএনবিসির স্কুয়াক বক্স অনুষ্ঠানে ক্রুজ বলেন, ৩০ সেপ্টেম্বর ফেডারেল সরকারের অর্থায়ন শেষ হয়ে যাবে। চাক শুমার খুব সৃজনশীল নন, তাকে আন্দাজ করা কঠিন নয়। গত নির্বাচনের আগে কী করেছিলেন (তিনি)? পুরো সরকার বন্ধ করে দিয়েছিলেন। টেড ক্রুজ দাবি করেন, ডেমোক্রেটরা মনে করে এই শাটডাউন তাদের রাজনৈতিকভাবে লাভবান করেছিল, বিশেষ করে নিউ জার্সি ও ভার্জিনিয়ায়।
তিনি আরও বলেন, আমি এখনই ১০০ ডলার বাজি ধরতে পারি যে, ১লা অক্টোবর শুমার আবার একই কাজ করবেন। তিনি পুরো সরকার এক মাসের জন্য বন্ধ করে দেবেন, যাতে নির্বাচনের দিন সরকার বন্ধ থাকে, বিমানবন্দরে আবার চার ঘণ্টার লাইন পড়ে, আর ডেমোক্রেটরা বলতে পারে- ‘দেখুন, রিপাবলিকানরা দায়িত্বে আছে, তারা কিছুই সামলাতে পারে না।’
এ খবর দিয়ে অনলাইন দ্য হিল বলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান পার্টি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ ও ইরান যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ। ডিসিশন ডেস্ক এইচকিউ-এর গড় জরিপ অনুযায়ী, ট্রাম্পের অনুমোদন হার ৪০.৮ শতাংশ, আর অননুমোদন হার ৫৬.৩ শতাংশ। এর আগে ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেইলেই ম্যাকএনানি বলেন, আসন্ন নির্বাচন রিপাবলিকানদের জন্য ‘কঠিন’ হবে।
তিনি ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকএন্ড’ অনুষ্ঠানে বলেন, ক্ষমতায় থাকলে নির্বাচনে জেতা ঐতিহাসিকভাবে কঠিন। তবে আগের প্রেসিডেন্টদের তুলনায় এই প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্ভাবনা বেশি মনে হয়। সিএনবিসি সাক্ষাৎকারে ক্রুজ আরও বলেন, বর্তমানে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস-এর অর্থায়নে সংকট চলছে। ডিএইচএস বিষয়ক মন্ত্রী মার্কওয়েইন মুলিন সতর্ক করে বলেছেন, আগামী মাসের শুরু থেকেই বিভাগটি কর্মীদের বেতন দিতে অক্ষম হয়ে পড়তে পারে।