Image description

ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীতে কর্মরত এক বাংলাদেশি যুবক। নিহত যুবকের নাম মুহিবুর রহমান, তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামে। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ডয়েচে ভেলে।

জানা গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মুহিব। প্রথমে উচ্চশিক্ষার জন্য মেক্সিকো গেলেও ভিসা জটিলতায় পরে রাশিয়ায় চলে যান এবং গত কয়েক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন তিনি। সর্বশেষ গত বছর দেশে ফিরে বিয়ে করার কিছুদিন পরই তিনি পুনরায় রাশিয়ায় ফিরে গিয়েছিলেন। 

মুহিবের ছোট ভাই হাবিবুর রহমান জানান, ‘মুহিবুর রাশিয়ান সেনাবাহিনীর রাঁধুনি হিসেবে কাজ করতেন বলে পরিবারকে জানিয়েছিলেন। এক সপ্তাহ আগে একটি বাঙ্কারে অবস্থানকালে ইউক্রেনের ড্রোন হামলায় তিনি নিহত হন। রাশিয়ায় অবস্থানরত মুহিবুরের এক সহকর্মী মেহেদী হাসান পরিবারকে এই মৃত্যুর খবরটি জানান।’

 তবে শুক্রবার পরিবার খবরটি পেলেও রবিবার রাতে এটি ব্যাপকভাবে জানাজানি হয়।

আমতৈল ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইকবাল আহমেদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশাহিদ হোসেন পরিবারের তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন।’

মুহিবের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি।