Image description

কার্টুন শেয়ার দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নেতারা। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে জাবি ছাত্রশক্তির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মুমিনুল ইসলাম শাওনের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় জাবি ছাত্রশক্তির প্রচার সম্পাদক ও জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, সরকার জনগণের প্রকৃত সমস্যাগুলো সমাধান না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী পোস্ট করলো তা নিয়েই ব্যস্ত। যদি আগের মতো দমন-পীড়নের পথ অনুসরণ করে মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি হাসান নাসিমের মুক্তির দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে যদি কেউ ফ্যাসিবাদী ধারার রাজনীতি চালিয়ে যেতে চায়, তাহলে তাকে সেই সুযোগ দেওয়া হবে না। অবিলম্বে গ্রেফতারকৃত হাসান নাসিমকে মুক্তি দিতে হবে এবং ভিত্তিহীন অভিযোগে হয়রানি বন্ধ না করলে জনগণই কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, কার্টুন শেয়ার করার অভিযোগে হাসান নাসিমকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচ দিন পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি, যা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি। আমরা লক্ষ্য করছি, সমালোচনার কারণে মানুষকে হয়রানি ও তুলে নেওয়ার ঘটনা আবারও ঘটছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য উদ্বেগজনক।

 

তিনি নাগরিকদের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আরও বলেন, সংবিধানে নাগরিকদের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা হয়েছে, সেটি রক্ষা করা সরকারের দায়িত্ব। হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ গড়ে তুলবে।

এসময় আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সোয়াইব আক্তার সীমান্ত।

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ, কার্যকরী সদস্য সেতু আক্তার মানববন্ধনে উপস্থিত ছিলেন।