Image description

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স কোর্সের পরীক্ষা চলমান আছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) কলেজ ক্যাম্পাসে সকাল থেকে উত্তেজনা শুরু হয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে এবং ঘণ্টাখানেক তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছায়। পরবর্তীতে পুলিশ এবং শিক্ষকদের হস্তক্ষেপে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসের একটি ভবনে জুলাই-আগস্টের গ্রাফিতিতে নিচে লেখা ছিল ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস। পরবর্তীতে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী গিয়ে সেখানে ছাত্র শব্দটি মুছে তারওপর লিখে দেওয়া হয় ‘গুপ্ত’। এ ঘটনার একটি ভিডিও আল মামুন নিজের ফেসবুকে আইডিতে প্রচার করেন। বিষয়টি নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষের নেতাকর্মীরা।

 

হামলার বিষয়ে কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদ জানান, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল কর্তৃক হামলা হয়েছে। আদর্শিকভাবে দেউলিয়া ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শিক লড়াইয়ের পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করছে।

 

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।