Image description

ঋণখেলাপির দায়ে অভিযুক্ত এস আলম ও বেক্সিমকো গ্রুপের সঙ্গে বিএনপি সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা তা সংসদে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই প্রশ্ন রাখেন তিনি।

প্রশ্ন উত্থাপনকালে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ মোট ৯২ হাজার ১১৫ কোটি টাকা ঋণের ধারক। এই টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই ৮০ হাজার কোটি টাকার ঋণখেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই ২৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে কোনো পরিকল্পনা আছে কিনা এবং তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে নতুন করে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে— এটা নিয়ে এস আলম গ্রুপের সাথে কোনো সমঝোতা হয়েছে কিনা?

হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বিগত দিনে বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইনান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো-স্ট্র্যাটেজি, ম্যাক্রো-ইকোনমিক স্টাবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। সো বি এশিউর, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই।

তিনি বলেন, যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গেছে— সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পারস্যু করা হচ্ছে। এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি, এই টাকা নিয়ে যারা পালিয়েছে, এগুলো রিকভারের জন্য। একদিকে জিটুজি কাজ চলছে। অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি, তারাও কাজ করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই টাকা রিকভার করতে পারব।