রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সেনেগালের রাজধানীতে ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-শীর্ষক সম্মেলনের সাইড লাইনে জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওনিশি ইয়োহির সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই সহযোগিতা চান।
সাক্ষাৎকালে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানুষে মানুষে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, আইসিটি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের মতো খাতে বৃহত্তর জাপানি বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের সুবিধার্থে আরও সহায়তা কামনা করেন।
এ ছাড়া পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি আনা ইসাবেল জেভিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় বাংলাদেশ থেকে পর্তুগালে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ দিতে আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রফতানি বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ। একই সঙ্গে উভয় পক্ষ খেলাধুলা, সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা নিয়েও আলোচনা করেন।