Image description

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। 

সোমবার (২০ এপ্রিল) রাতে পলাশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সোমবার রাত পর্যন্ত তারা বিদ্যালয় থেকে কোনো প্রবেশপত্র পাননি। ভুক্তভোগীদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চরম গাফিলতি এবং ফরম পূরণের টাকা যথাসময়ে শিক্ষা বোর্ডে জমা না দেওয়ার কারণে এই বিপত্তি ঘটেছে। বারবার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে নিরুপায় হয়ে হতাশ ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই রাস্তায় নামতে বাধ্য হন। মহাসড়কে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ কালকের পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা দাবি করেন।

খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন, যেকোনো মূল্যে তাদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। এছাড়া এই ঘটনায় বিদ্যালয়ের সংশ্লিষ্ট কারও গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি। প্রশাসনের এই আশ্বাসের পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিলে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন দিনাজপুর শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে ওই ৩৬ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থাপনায় প্রবেশপত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি ইতিমধ্যে জরুরি ভিত্তিতে বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানা গেছে।