Image description

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (এইএমএফ) কোনো সম্পর্ক নেই।

 

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

আইএমএফের অন্যতম একটি শর্ত ছিল জ্বালানি তেল ও বিদ্যুতে ভর্তুকি কমিয়ে দাম বাজারভিত্তিক করা। এর মধ্যে গতকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার।

 

তেলের দাম বাড়ানো আইএমএফের দেওয়া শর্তের অংশ কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।’

 

 

তিনি আরও বলেন, ‘সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ, যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে বাড়ানো হয়নি।’

 

উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?’

 

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই দাবি করে আমীর খসরু বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলছি এটা, বরং দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।’

 

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা খুবই নগণ্য মন্তব্য করে তিনি বলেন, ‘এটা বাড়াতে হয়েছে শুধু আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।’

 

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তির অর্থ আগামী জুন-জুলাইয়ের মধ্যে মিলবে কি না, এর জবাবে আমীর খসরু মাহমুদ বলেন, ‘জুন-জুলাই কোনো বিষয় না। এগুলো হচ্ছে আইএমএফের সঙ্গে যে প্রোগ্রামটা, শুরু হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের, এটা তো মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে আইএমএফের এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে।’