Image description

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা ওই তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে, হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন, এবং পারগোপালপুর গ্রামের আবু বকরের ছেলে সোহাগ।

বিএসএফ ৫৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের সংশ্লিষ্ট অধিনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

৫৯ বিএসএফের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শৈলেশ কুমার বলেন, তিন বাংলাদেশিকে মাদকসহ আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা সুস্থ রয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সীমান্তে তিন বাংলাদেশি নাগরিক আটকের খবর পাওয়া গেছে। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়ে শুনেছি। আন্তর্জাতিক সিমান্ত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

শীর্ষনিউজ