আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) চ্যাম্পিয়ন দল বদলে ফেলা নিয়ে মহাদেশটির ফুটবলে কয়েক দিন ধরে অস্থিরতা বিরাজ করছে।
এমন প্রেক্ষাপটে অনেকটা চাপের মুখে সরে দাঁড়ালেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওম্বা। আজ (৩০ মার্চ) এক বিবৃতিতে ওম্বা নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও তার দাবি, ব্যক্তিগত কারণে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিবৃতিতে ওম্বা বলেছেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা দেওয়া এবং প্রত্যাশার নতুন দুয়ার খোলার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।’
বাধ্যতামূলক অবসরের বয়স ৬৩ পার হওয়ার পরও ওম্বা মহাসচিব হিসেবে দায়িত্বে থাকায় সাম্প্রতিক সময়ে বেশ সমালোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি সিএএফের নির্বাহী কমিটির সদস্যদের মধ্য থেকেও তার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।
পদত্যাগের পেছনে সাম্প্রতিক সময়ে হওয়া সমালোচনারও যে ভূমিকা ছিল, সেই ইঙ্গিতও দিয়েছেন ওম্বা, ‘কিছু মানুষ আমার বিরুদ্ধে যে সন্দেহ ছড়াতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, তা দূর করতে পেরেছি। তাই এখন আমি কোনো বাধা ছাড়াই শান্ত মনে অবসর নিতে পারছি এবং আগের চেয়ে আরও সমৃদ্ধ সিএএফ রেখে যাচ্ছি।’
সর্বশেষ আফকন টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। কিন্তু ফাইনালের নির্ধারিত সময়ের শেষ দিকে মরক্কোকে দেওয়া রেফারির পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় সেনেগাল।
পরে সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে সতীর্থদের বুঝিয়ে-সুঝিয়ে মাঠে ফিরিয়ে আনেন। কিন্তু সাময়িক এই ওয়াক-অফের জেরে সম্প্রতি সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে সিএএফ।
তবে শিরোপা ফিরে পেতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল। এ ব্যাপারে সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে বলেছেন, ‘ক্রীড়া সালিশি আদালত যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটিই মেনে নেব।’