চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সংলগ্ন জলিল গেট এলাকায় অভিযান চালিয়ে মজুত করে রাখা ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জব্দ করা ডিজেলের মালিকানা দাবি করেছেন নাছির ও আনোয়ার নামে দুজন। তাদের দাবি, তারা জাহাজ থেকে পরিত্যক্ত তেল সংগ্রহ করে কেমিক্যাল দিয়ে পরিশোধন করে বাজারজাত করে।
অভিযান শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিপো থেকে ডিজেল নিয়ে তা বিক্রি না করে মজুত রাখা হয়েছে। আমাদের কাছে এসবের হিসাব আছে। এই হিসাব নিয়ে সব পাম্পেই আমরা তল্লাশি করব, অভিযান চালাব। এখানে অভিযান চালিয়ে ২৫ টন মজুতকৃত ডিজেল পাওয়া গেছে।