Image description

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন কালবৈশাখীসহ দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ চৈত্র) সকাল ৯টায় এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সময়ে রাজধানী ঢাকাতে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুষ্টিয়া জেলার কুমারখালীতে।

শীর্ষনিউজ