Image description

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়। এ সময় চতুর্থ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন ওই যুবক। সোমবার (৩০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার হাসপাতালের চতুর্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩ নম্বর কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার এক রোগীর মোবাইলফোন চুরি হয়। একই কক্ষ থেকে সোমবার দুপুরে আবারও মোবাইল চুরির সময় রোগী ও স্বজনরা ওই যুবককে হাতেনাতে আটক করেন।

 

আটকের পর ওই যুবককে প্যাথলজি বিভাগের বারান্দায় রেখে পুলিশে খবর দিতে যান ভুক্তভোগীরা। এ সুযোগে ওই যুবক বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মোবাইল চুরির শিকার এক নারী বলেন, গত শনিবার আমার মোবাইল চুরি হয়। আজ আবার একই কক্ষে চুরি করতে আসা ওই যুবককে হাতেনাতে ধরা হয়। আমরা পুলিশ আনতে গেলে তিনি বারান্দা থেকে লাফ দেন।

 

একই ওয়ার্ডের এক রোগীর স্বজন বলেন, আমরা তাকে আটক করেছিলাম, কিন্তু কোনো মারধর করা হয়নি। নাম-পরিচয় জানতে চাইলেও কিছু বলেনি। পরে পুলিশের ভয়ে লাফ দেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এসএম ফেরদৌস বলেন, গুরুতর আহত অবস্থায় যুবকটিকে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছিল। পরে তিনি হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফ দেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।