Image description

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় মনোনয়ন পাওয়ার পরের দিনই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক এই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপপরিদর্শক মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) থাকাকালীন সময়ে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শতশত কোটি টাকার মালিকানা অর্জন করেন। এসব অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার পূর্বক সম্পত্তি অর্জন করার বিষয়ে মানিলন্ডারিং অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

অভিযুক্ত ব্যক্তি যে কোন সময় বিদেশ গমণ করতে পারে বিধায় অনুসন্ধানটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশ গমনাগমণ রোধ করা বিশেষ প্রয়োজন। অনুসন্ধানটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনাগমণ রোধ করার জন্য বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা'কে আদেশ দানে মর্জি হয়।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।