Image description

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন এই তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা প্রয়োজন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। সোমবার (৩০ মার্চ) এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনী এলাকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার রয়েছেন ভোটের মাঠে। এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন।

কিন্তু সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধানের কারণে ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল দেয় নির্বাচন কমিশন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে বৈধ প্রার্থী হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি।