সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) ওই জামায়াত নেতার বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামী শ্রীরামিসির আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে, একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।