Image description

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে সারাবিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের সরবরাহ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ঈদের পর প্রথম কর্মদিবস মঙ্গলবারেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ জট দেখা গেছে।

এরই প্রেক্ষিতে ‘মিরর নিউজ’ নামের একটি সরকার-নিবন্ধিত অনলাইন পোর্টালে দাবি করা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’।

মিরর নিউজ এমন বক্তব্যে ফটোকার্ড প্রচার করলেও দাবির স্বপক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করেনি।

ফেসবুকেও একাধিক অ্যাকাউন্ট থেকে এমন দাবি প্রচার হতে দেখা যায়। দেখুন এখানে এবং এখানে

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমন মন্তব্য করেননি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

তবে ফটোকার্ডটির উৎস খুঁজতে গিয়ে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল আই’-এর লোগোর আদলে তৈরি ‘চ্যানেল এআই’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ মার্চ আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

পেজটি যাচাই করলে দেখা যায়, ‘চ্যানেল এআই’ পেজের বায়োর ক্যাটাগরিতে ‘স্যাটায়ার/প্যারোডি’ উল্লেখ রয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণে এরূপ আরও নানা ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

অর্থাৎ, মূলধারার সংবাদমাধ্যমকে নকল করে তৈরি করা ব্যঙ্গাত্মক পেজের ভুয়া ফটোকার্ডকে তথ্যসূত্র উল্লেখ না করেই মিরর নিউজ প্রচার করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের নাম ও লোগো নকল করে বহু ভুয়া ব্যঙ্গাত্মক পেজ গড়ে উঠেছে, ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে অপপ্রচার চালাতে দেখা যায়।