ভোলার মনপুরা উপজেলায় একটি উঁচু গাছের ডাল কাটতে গিয়ে অচেতন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর এক শ্রমিককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শ্রমিক জয়নাল আবেদীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন একজন শ্রমিক। তিনি সকাল সাড়ে ৯টার দিকে এলাকায় একটি উঁচু গাছে উঠেন ডাল কাটতে। বাতাসে গাছের ডালের আঘাতে তিনি অচেতন হয়ে গাছে আটকা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
মনপুরা উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।