চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত, স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় রাজধানী থেকে রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে তাকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হবে।
পরদিন ২৯ মার্চ বেলা ১১টায় তিনি পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩০ মার্চ বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
চারদিনের সফর শেষে ৩১ মার্চ বঙ্গভবন-এর উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।