Image description

কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খোরশেদ আলম নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কক্সবাজারে জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারী পুলিশ হেফাজতে রয়েছে।’