Image description

দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের পথ পেরিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

 

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদ হলরুমে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। কেউ যদি অতীতের মতো দমন-পীড়নের রাজনীতি করতে চায়, তবে ছাড় দেওয়া হবে না।

বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছাত্র-জনতার স্বপ্নের বৈষম্যহীন সমাজ গড়তে জনপ্রতিনিধিদের সততা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে সমানভাবে জবাবদিহির আওতায় আসতে হবে।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক বার্তা দেন—

“ফ্যাসিস্টদের পথ অনুসরণ করলে কেউ রেহাই পাবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, আর আইনের চোখে সবাই সমান।”

অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, হিন্দু, মুসলিম, গারো, হাজংসহ সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই গড়ে উঠবে মানবিক ও উন্নত কলমাকান্দা-দুর্গাপুর। উন্নয়ন শুধু অবকাঠামোয় সীমাবদ্ধ থাকবে না, বরং মানুষের জীবনমানের উন্নয়নই হবে মূল লক্ষ্য।

তিনি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,

আমাদের শিশুরা যেন সুস্থ পরিবেশে বেড়ে উঠে, শিক্ষিত হয়ে ভালো জীবন গড়তে পারে—সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।

খারনই ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিবাসী নেতা অনিমেষ সাংমা, নারী নেত্রী করুনা সাংমা,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কলি আক্তার, ডা. আ. লতিফ, ইউনিয়ন জামায়াতের আমির আ. বারি বারেক,(অব.) শিক্ষক খালেক মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঈদকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্যের এই আয়োজন হয়ে ওঠে জনসম্পৃক্ততার এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেন।