য়মনসিংহে দুজন, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে দুজন, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।
ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় আট জেলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে দুজন, চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে দুজন, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরে একজন করে নিহত হয়েছেন।
ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে উপজেলার কাশিগঞ্জ বাজার সংলগ্ন খিচা বান্ডারির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২০) ও ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারী রোড এলাকার মো. গোলাম মাওলার মেয়ে রীতি আক্তার (৮)। নিহত দুইজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কাশিগঞ্জ বাজার সংলগ্ন খিচা বান্ডারি মোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী রুবেল মিয়া নিহত হন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রীতি আক্তারকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতি আক্তার নামে এক শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসের অজ্ঞাতনামা (৩৫) এক যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি আইল্যান্ডে তুলে দেয়। বাসটি ধাক্কা লেগে কাত হয়ে যায়। এতে এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন এবং বাসটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।
এদিকে, মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। আজ সকাল ছয়টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা-মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক (আইয়ুব) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রাব্বানী বলেন, এনামুল হক আইয়ুব তাঁর প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নড়াইল : নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বেলা তিনটার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত তরুণের নাম রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পেরে নিজেরাই পড়ে যান তাঁরা। এতে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে ঈদের নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় আব্দুল গফুর। দুপুর ১২টার দিকে তারা ইঞ্জিনচালিত নসিমন করে ঝিনাইদহ জোহান পার্কে আসছিল। পথে ঝিনাইদহ সদরের নগরবাথান বাজারে পৌঁছালে তাদের বহনকারী নসিমন থেকে আব্দুল গফুর সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাদারীপুর : শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলার দ্বিতীয়াখন্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখন্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন বন্ধুদের সঙ্গে ভ্যানে চড়ে ঘুরতে বের হয় শাহাদাত। এসময় কুতুবপুর সীমানা নামক স্থানে আসলে ভ্যানটিকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় শাহাদাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গার বানায় ঈদের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আরাজী বানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। জিহাদ একই ইউনিয়নের শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ইটভাটার ট্রলিতে পরিবাহনকৃত মাটি ঝরে পড়ায় দুদিনের বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছালে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে মারাত্মক আহত হন জিহাদ। তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জিহাদ শেখ মারা যান।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশান পাড়ার বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন দুই যুবক। তারা মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাওয়ার সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ব্যাপারটি নিয়ে কেউ থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন। তিনি কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।
ফরিদপুর সদরপুর ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।