Image description

রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

ঈদ জামাতে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

ঈদের নামাজ শেষে এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগর ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকায় নিযুক্ত কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে এবং বেলা ৩টা থেকে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন ডা. শফিকুর রহমান।