Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজের মধ্যেই ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারা সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা কিছুটা সবাইকে ঈদ মোবারক জানিয়ে লিখেছেন, ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।

 

 

আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা।’

 

 

 

দেশের বাইরে অবস্থানরত সাকিব আল হাসানও শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আপনাদের দিনটি আনন্দ, ভালোবাসা এবং সুস্বাদু খাবারে ভরে উঠুক। ঈদের এই বিশেষ দিন হোক সুন্দর ও উজ্জ্বল।’

 

 

অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদের দিন ছেলের সঙ্গে নামাজ আদায়ের একটি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিননা ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সবার নেক আমল কবুল করুন। ঈদ মোবারক।’

 

 

মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেনসহ জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের বার্তায় উঠে এসেছে আনন্দ ভাগাভাগি, ভালোবাসা ছড়িয়ে দেওয়া এবং সমৃদ্ধ জীবনের কামনা।

 

 

এদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন সংক্ষিপ্ত বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। পেসার নাহিদ রানা ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার জীবনে শান্তি ও সাফল্য কামনা করেন।

 

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলীও ভক্তদের উদ্দেশে বলেন, এই আনন্দঘন সময়টুকু সবার সঙ্গে ভাগ করে নিতে এবং ভালোবাসা ছড়িয়ে দিতে।

 

সব মিলিয়ে ঈদের দিনে দেশের ক্রিকেট তারকারা ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন শুভেচ্ছা বার্তার মাধ্যমে।