Image description

সাতক্ষীরায় শাহাজন হোসেন তুহিন (৫৫) নামে এক সাবেক সেনা সদস্যের বাড়ির সামনে পিস্তলের গুলি, বিষাক্ত রাসায়নিক গুঁড়া ও কাফনের কাপড় রেখে হত্যার হুমকি দেওয়ার হয়েছে। সোমবার (১৬ মার্চ) শ্যামনগর উপজেলার ইশ্বরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিরাপত্তা চেয়ে সাবেক ওই সেনা সদস্য প্রশাসনের শরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে নিয়ে যায়।

পলিথিনের মধ্যে পিস্তলের গুলি, এক বোতল বিষাক্ত সাদা রাসায়নিক গুঁড়া, কাফনের কাপড় এবং একটি চিরকুট রেখে এক সপ্তাহের মধ্যে মাথায় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শাহাজন হোসেন তুহিন (৫৫) ইশ্বরিপুর ইউনিয়নের ফয়সালাবাদ মাদ্রাসার পাশের বাসিন্দা এবং মৃত যিয়াদ গাজির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলি, কাফনের কাপড়সহ অন্যান্য জিনিসগুলো উদ্ধার করেছি। এরপর থেকে গোয়েন্দা নজরদারিতে বিষয়টির ওপর নজর রাখছি। কে বা কারা এ কাজ করেছে সেটা বের করার জন্য তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তিনি সাবেক সেনা সদস্য, ভালো মানুষ। এটা পারিবারিক কোন কারণে কেউ তাকে হুমকি দিতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব নিয়ে দেখছি।

হুমকি দিয়ে পাঠানো চিরকুটে লেখা হয়েছে, ‘এই কাফনের কাপড় তুহিনের পরা লাগবে, খুব দ্রুত বাসা তোকে ভয়ংকর মৃত্যু উপহার দিব ইনশাআল্লাহ,’ বাসা থেকে বের হইলে নিজের মাথা হেফাজতে রাখিস, আর আজ থেকে মৃত্যুর দিন গণনা শুরু কর। তোর মৃত্যু খুব তাড়াতাড়ি রচনা করা হবে।

ভুক্তভোগী শাহাজন হোসেন তুহিন বলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।’