রাজধানীর উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার অভিযোগ তুলে উত্তরা স্কয়ার মার্কেট ঘেরাও করে ভাঙচুর চালায় রিকশা ও অটোরিকশা চালকেরা। তবে এ খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম মার্কেটটি পরিদর্শন শেষে এ কথা জানান।
তিনি জানান, এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারীরা মব সৃষ্টি করে লুটপাট করার চেষ্টা করেছে।
নজরুল ইসলাম বলেন, এখনও কোনো মামলা হয়নি। তবে পুলিশের ৬ জন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করা হচ্ছে।
এর আগে রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে রিকশা পার্কিংকে কেন্দ্র করে এক রিকশাচালকের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ ঘটনার খবর দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে মার্কেটের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন এবং মার্কেটের কিছু অংশে ভাঙচুর চালান।
জামাল নামে এক রিকশাচালক অভিযোগ করে বলেন, ওই রিকশাচালককে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে। এ অভিযোগ ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে কয়েক দফায় রিকশাচালকদের সঙ্গে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই উত্তেজনা ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত চলে। একপর্যায়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।