রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
মো. আব্দুস সালাম বলেন, আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানান ডিএসসিসির এ প্রশাসক।
৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে জানিয়ে মো. আব্দুস সালাম বলেন, ভিআইপি ব্লকে পুরুষ ২৫০ জন ও নারী ৮০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, অজু, পয়োনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। আলাদা প্রবেশ ও প্রস্থান গেট থাকবে।
নারী মুসল্লিদের জন্য আলাদা ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।