Image description

কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) এই গ্যাস সরবরাহের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভরতা কাটিয়ে শতভাগ স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “শ্রীকাইল পাঁচ নম্বর কূপের আবিষ্কৃত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ পুরো জাতির জন্য একটি শুভ সংবাদ। বিশেষ করে চলমান মধ্যপ্রাচ্য সঙ্কটের এই সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক ৮ মিলিয়ন (৮০ লাখ) ঘনফুট গ্যাস যুক্ত হবে। সরকারের ১৮০ দিনের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে যার লক্ষ্য হলো জাতীয় গ্রিডে মোট ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা।”

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা প্রত্যাশা করছি পরিকল্পনার চেয়েও বেশি গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো।”

বর্তমান সরকার আমদানিনির্ভর জ্বালানি খাতকে অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ করতে চায় উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা দেশের নিজস্ব কর্মসম্পদকে কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করতে চাই। সরকারের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে জনগণ জানতে পারে তাদের সম্পদ কীভাবে উত্তোলন ও ব্যবহার হচ্ছে।”

শীর্ষনিউজ