ঝিনাইদহে ইফতার আয়োজন ঘিরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে দুপুরের দিকে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনায় রূপ নেয় এবং পরে দুপক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহাফুজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, জামায়াতের মহিলা কর্মীদের ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।