Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। মো. সাইফুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিয়েছে। তিনি অভিযোগ করেন, তার ছাত্রলীগবিরোধী অবস্থানের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

 

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। শুক্রবার ডাকসুর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিন্দনীয়।

 

তিনি বলেন, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করেছে পতিত ফ্যাসিবাদের দোসরেরা।

ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত অপশক্তি এখন চোরাগোপ্তা হামলা চালিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুজিববাদী শক্তি তাদের চিরাচরিত খুন, রক্তপাত, সন্ত্রাস, অগ্নিসংযোগের রাজনীতি থেকে বেরিয়ে আসবে না। পতিত ফ্যাসিবাদীদের পুনর্বাসন কিংবা তাদের নরমালাইজেশন যে দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য চরম হুমকি তা আবারও স্পষ্ট হলো। কাজেই দেশ এবং দেশের মানুষের স্বার্থেই আমাদেরকে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকতে হবে।