জামায়াত ও এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘তারা (জামায়াত ও এনসিপি) অসভ্য আচরণ করবে— এটাই স্বাভাবিক। এটি স্পষ্টতই একটি অসভ্যতা। সারা বিশ্বের কাছে তারা আবারও প্রমাণ করল, আমরা কতটা অসভ্য আচরণ করতে পারি।’
তিনি বলেছেন, ‘যারা এই দেশের স্বাধীনতাকে মানে না, স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করে না, জাতির সৃজনশীলতা ও অগ্রগতিকে কখনোই মেনে নিতে পারেনি।
অনেক বছর পর তারা শহীদদের স্মরণে গিয়েছিল। সেখানেও বিরোধীদলীয় নেতার সভাপতি বলেছিল, তিনি বিরোধী নেতা হিসেবে গিয়েছেন, শহীদদের প্রতি সম্মান জানাতে নয়। তাই তাদের এমন আচরণ করাটা অস্বাভাবিক নয়।’
হাবিবুর রহমান হাবিব প্রশ্ন রাখেন, আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দোষারোপ করা হচ্ছে।
কিন্তু এই রাষ্ট্রপতির কাছেই তো প্রধান উপদেষ্টা শপথ নিয়েছিলেন। যারা আজ প্রতিবাদ করছে, এনসিপির যারা নেতা তারাও তো এই রাষ্ট্রপতির কাছেই উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। তখন কি এসব কথা মনে ছিল না? আজ হঠাৎ করে তিনি স্বৈরাচারের দোসর হয়ে গেলেন?
তিনি আরো বলেছেন, ‘যে ভাষায়, যেভাবে তারা (জামায়াত ও এনসিপি) সংসদে শক্তি প্রদর্শন করল, তা সত্যিই ভাবনার বাইরে। এটি লজ্জাজনক।
আমরা শুধু টেলিভিশনে দেখিনি, সারা বিশ্বের মানুষও এটি দেখেছে। অনেক বিদেশি কূটনীতিকও সেখানে উপস্থিত ছিলেন। তাদের সামনে এই আচরণ করে তারা আবারও প্রমাণ করেছে—তারা স্বাধীনতার চেতনাবিরোধী।’