Image description

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ কার্যক্রমে গোলযোগ সৃষ্টি ও বাধা প্রদান করায় এক ইউনিয়ন শ্রমিক দল নেতার সব পদ স্থগিত করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পদ স্থগিত হওয়া নেতা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতার ইফতার বিতরণ কার্যক্রমে গোলযোগ সৃষ্টি করায় আপনার সব দলীয় পদে স্থগিতাদেশ প্রদান করা হলো হলো। একই সঙ্গে তিনি দলীয় পরিচয় ব্যবহার ও কোনও দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুমোদন করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।