ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টায় পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪ শতাংশ।
এ ছাড়া দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা; ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা; ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি হতে পারে। কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।
বজ্রপাতের সময় কৃষকদের খোলা আকাশের নিচে কৃষিকাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই আবহাওয়াবিদ।