দেশের বিভিন্ন জেলায় দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (১৩ মার্চ) কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এ তথ্য জানান।
তার দেওয়া তথ্যমতে, শুক্রবার সকাল ১০টার মধ্যে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ইতোমধ্যে উল্লিখিত বিভাগের কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে।
এ ছাড়া দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা; রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা; ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলা; ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি হতে পারে।
ফেসবুক পোস্টের শেষে বজ্রপাতের সময় কৃষকদের খোলা আকাশের নিচে কৃষিকাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এই আবহাওয়াবিদ।