Image description

ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে মসজিদের কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সে সময় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা কালবেলাকে বলেন, ‘মসজিদ কমিটি গঠন নিয়ে বাক-বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।