Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে জীবনের প্রথম ভাষণে তিনি বলেন, ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না এবং হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ।

প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি বা দলের স্বার্থ নয়, দেশের স্বার্থই বড়, এটিই বিএনপির রাজনীতি। দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি।

এ সময় খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

তারেক রহমান বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়। এতে সবার সহযোগিতা কামনা প্রয়োজন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই সংসদের প্রথম অধিবেশন।

অধিবেশন চলাকালে সংসদ ভবন এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বর্তমান সংসদ গঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৬৮টি আসন।